হবিগঞ্জের বাহুবলে ১৭ মামলার আসামী ডাকাত জামাল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিবলু নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোররাতে উপজেলার মিরপুর ইউনিয়নের নোযাগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত জামাল নোয়োগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের ছুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করেছে।
ঘটনাস্থলে থাকা তার স্ত্রী জানান, বুধবার ভোর ৪টার দিকে ১০/১৫ জনের একদল লোক ঘরে প্রবেশ করে তাকে সহ ঘর থেকে বের করে নিয়ে আসে। সে তাদের কাছ থেকে ছুটে গেলেও তার স্বামীকে বাড়ি থেকে একটু দুরে ধানের জমিতে ফেলে গলা কেটে হত্যা করে, এসময় তিনি ঘটনার সাথে জড়িত কয়েকজনের নামও প্রকাশ করেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে,জামালের বিরুদ্ধে ১৭টি ডাকাতি মামলা রয়েছে।
জেএইচআর