কেন্দুয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা) প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৬:৩৪ পিএম

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পাটেশ্বরী নদীতে অবৈধ বাঁধ, মাছ শিকারের জন্য ব্যবহৃত নিষিদ্ধ চায়না দুয়ারী ও মশারী জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে।

বুধবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী। 

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খানম, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খানম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে ৩টি অবৈধ বাঁধ, ১২০০ মিটার চায়না দুয়ারী জাল ও ৭০০ মিটার মশারী জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ১৯ শত মিটার, যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকা। অভিযান শেষে এসব অবৈধ জাল সেখানেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাঈম উল ইসলাম চৌধুরী বলেন, দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন, অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান স্থানীয় জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে।

ইএইচ