সিরাজগঞ্জের সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের ব্যস্ততম এলাকা বেলকুচির মুকুন্দগাঁতীতে বাস, সিএনজি, অটোরিকশা ও ভ্যানের স্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মুকুন্দগাঁতী যাত্রী ছাউনি চত্বরে এ মানববন্ধন আয়োজন করে বেলকুচি উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন। এতে শ্রমিক-মালিকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতি হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী। সভাপতিত্ব করেন মোহাম্মদ আছির উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মাসুদ।
এ সময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক শহীদ আমিন, সিরাজগঞ্জ জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইনুল হক ও বেলকুচি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রেজাউল করিম প্রমুখ।
বক্তারা বলেন, “মুকুন্দগাঁতী এলাকায় যাত্রী ও শ্রমিকদের সুবিধার্থে জরুরি ভিত্তিতে পরিবহনের জন্য স্ট্যান্ড নির্মাণ করতে হবে। এতে যানজট কমবে, জনদুর্ভোগ লাঘব হবে। আগামী এক মাসের মধ্যে স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
মানববন্ধন শেষে শ্রমিক নেতা ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
ইএইচ