মেয়র ডা. শাহাদাত

টেরীবাজারকে সুশৃঙ্খল বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে

নজিবউল্লাহ, চট্টগ্রাম প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৭:১৪ পিএম

চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “টেরীবাজার শুধু একটি বাজার নয়, এটি চট্টগ্রামের অর্থনীতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বাজারের উন্নয়ন, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।”

মেয়র বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। সিটি কর্পোরেশন বাজারের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা ও যানজট নিরসনে নিরলসভাবে কাজ করছে। ব্যবসায়ীরা একযোগে কাজ করলে টেরীবাজারকে একটি আধুনিক, নিরাপদ ও সুশৃঙ্খল বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনায় টেরীবাজারকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হবে। বাজারের পরিবেশ উন্নত করার পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণেও তিনি প্রতিশ্রুতি দেন।

সভায় ব্যবসায়ীরা অবকাঠামোগত সংকট, যানজট, বাজার পরিচ্ছন্নতা ও আইনশৃঙ্খলার মতো বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মেয়র তা মনোযোগ দিয়ে শোনেন এবং যথাযথ সমাধানের আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান। সাধারণ সম্পাদক আবুল মনসুর সভা পরিচালনা করেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। অন্যান্য উপস্থিতির মধ্যে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতেখার উদ্দিন চৌধুরী, তামাকুমন্ডি লেইন বনিক সমিতির সভাপতি সরওয়ার কামাল, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, নাছির উদ্দীন চৌধুরী, বেলায়েত হোসেন, মো. আলমগীর, মো. ফরিদুল ইসলাম, ফরিদ উদ্দিন, মো. মহি উদ্দীন, এস.এস.এস. বাহাদুর, ইশতেহাদ হোসেন, রাজিব, ইমরানুল হক সাইয়েদ, মোহাম্মদ বাকের উল্যাহ, মো. ইব্রাহিম পারভেজ, মো. মামুনুর রশিদ, হাফেজ তাজুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, মো. আবু ছালেক প্রমুখ।

ইএইচ