কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ সীমা ১০৫ ফুটে সীমাবদ্ধ রাখার দাবিতে স্মারকলিপি

বাঘাইছড়ি প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৫:৪২ পিএম

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, নানিয়ারচর, বিলাইছড়ি, কাপ্তাই ও রাঙামাটি সদর উপজেলার সাধারণ জনগণের পক্ষে চারজন আইনজীবী কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ সীমা নির্ধারণের জন্য জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দিয়েছেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, প্রতি বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বেড়ে ১০৫ ফুটের ওপরে গেলে ফসলি জমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়সহ জনজীবন বিপর্যস্ত হয়। এতে হাজারো মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান ও কর্মসংস্থান সংকটে পড়েন। শুধু কৃষিকাজ নয়, মানুষের জীবন-জীবিকা পুরোপুরি বিপর্যস্ত হয়।

আইনজীবীরা স্থায়ী সমাধান হিসেবে দাবি জানিয়েছেন, কাপ্তাই হ্রদের পানি সর্বোচ্চ ১০৫ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখা হোক। এছাড়া পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন— অ্যাডভোকেট মো. রহমত উল্লাহ (বাঘাইছড়ি), অ্যাডভোকেট আলাউদ্দিন (লংগদু), অ্যাডভোকেট মাসুম (নানিয়ারচর) এবং অ্যাডভোকেট ফরহাদ চৌধুরী (রাঙামাটি সদর)।

আইনজীবীরা বলেন, জেলা প্রশাসকের হস্তক্ষেপে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে দুর্গত মানুষ স্বাভাবিক জীবন-যাপনে ফিরে যেতে পারবেন।

ইএইচ