নারী ইউপি সদস্যের ঘর থেকে ৬৪ বস্তা অবৈধ সার জব্দ

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৮:৪১ পিএম

আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের নারী ইউপি সদস্য হেনা বুলবুলির ঘর থেকে অবৈধভাবে মজুদ রাখা ৬৪ বস্তা সার জব্দ করেছে পুলিশ। 

রোববার বিকালে এই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় আমতলী থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্র জানায়, হেনা বুলবুলি গত তিন বছর ধরে সার মজুদ করে আসছিলেন। তার স্বামী মজনু চৌকিদার ও ছেলে হাসান চৌকিদার অতিরিক্ত দামে এসব সার বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। গত বুধবার তারা আমতলী থেকে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার ক্রয় করে উত্তর তক্তাবুনিয়া গ্রামের বাড়িতে মজুদ করেন। অভিযোগ, এ সারের মধ্যে গত তিন দিনে ৮৬ বস্তা অতিরিক্ত দামে বিক্রি করা হয়েছে।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর রহমান অভিযান চালিয়ে ৬৪ বস্তা সার জব্দ করেন। জব্দকৃত সারের মধ্যে ৪১ বস্তা ইউরিয়া, ২৩ বস্তা টিএসপি ও এমওপি রয়েছে।

উপজেলা কৃষি অফিস জানায়, হেনা বুলবুলির স্বামী ও ছেলে ক্ষুদ্র সার বিক্রির লাইসেন্সধারী নন। অবৈধভাবে সার মজুদ ও বিক্রি করা হয়েছে।

জিজ্ঞাসা করা হলে হাসান চৌকিদার জানান, তার কাছে কীটনাশক বিক্রির লাইসেন্স আছে, তাই সারও বিক্রি করা হচ্ছে। হেনা বুলবুলি বলেন, তার ছেলে কীটনাশক ব্যবসা করে এবং তার নামে সার বিক্রি হচ্ছে।

উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ৬৪ বস্তা সার জব্দ করা হয়েছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খাঁন জানান, অবৈধভাবে সার বিক্রির সুযোগ দেওয়া হবে না এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ