শিবচরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

শিবচর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১২:১৫ পিএম

মাদারীপুর জেলার শিবচরে রাকিব মাদবর (২৪) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

রোববার রাত ৮টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব উপজেলার চরশ্যামাইল গ্রামের নাসির মাদবরের ছেলে। তিনি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। 

রাকিব ইবনে সামাদ হত্যা মামলার আসামি এবং সপ্তাহখানেক আগে জামিনে বের হয়ে আসেন।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে ইউসিবি ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব। এসময় ৪-৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠান। তবে পথেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত রাকিবের সঙ্গে শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সর্দারের লোকজনের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৬ মে ওই সংঘর্ষে আবুল কালাম সর্দারের ছেলে ইবনে সামাদ নিহত হন। সেই মামলার আসামি ছিলেন রাকিব।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ইবনে সামাদ হত্যা মামলার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

ইএইচ