সিলেটে র‍্যাব হেফাজতে থাকা আসামীর আত্মহত্যা

সিলেট প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৪:২২ পিএম

সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর হেফাজতে থাকা এক আসামির আত্মহত্যা করেছেন।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত তানভীর চৌধুরী নওগাঁ জেলার একটি হত্যা মামলার আসামি।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর হেফাজতে থাকা নওগাঁ জেলার হত্যা মামলার আসামি তানভীর চৌধুরীকে শনিবার সিলেটের জৈন্তাপুর থেকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে রোববার সকাল সাড়ে ৮টার দিকে তিনি র‌্যাবের হেফাজতে থেকে আত্মহত্যা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তার গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল ভেন্টিলেশনের সাথে গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

তিনি আরও বলেন, রবিবার নিহতের স্বজন, পুলিশ, চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ঝুলন্ত মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

পরে সোমবার ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং এই ঘটনায় গোলাপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জেএইচআর