খন্দকার নাসিরুল ইসলাম

ওলামা দলকে দিয়ে জামায়াতকে মোকাবিলা করতে হবে

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১০:২১ পিএম

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, ওলামা দলকে দিয়েই জামায়াতে ইসলামীকে মোকাবিলা করতে হবে।

শনিবার বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আলফাডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লু।

খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “আগামী নির্বাচনে ওলামা দলকে সামনের সারিতে থাকতে হবে। জামায়াতের অপপ্রচার ও অপকর্ম থেকে জনগণকে সতর্ক করতে হবে। তারা মসজিদে বসে মিথ্যা প্রচার চালায়, বলে তাদের প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। মসজিদে যদি জামায়াত কোনো সভা করে, তাহলে ওলামা দলের নেতাকর্মীদের তাৎক্ষণিক প্রতিহত করতে হবে। মনে রাখতে হবে, নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়।”

অনুষ্ঠানে জেলা ওলামা দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা রুহুল আমীন, আবু সাঈদ ও ইমদাদুল হোসেন প্রমুখ।

আলোচনা শেষে মাওলানা ওসমান গণিকে সভাপতি ও সৈয়দ মনিকে সাধারণ সম্পাদক করে আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ইএইচ