ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, “আজ যারা দ্রুত নির্বাচনের দাবি তুলছেন, তাদের স্লোগান ভারতের স্লোগানের সঙ্গে মিলে যায়। তাদের কথায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে।”
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “৫৩ বছর যেই ধারায় যেই পদ্ধতিতে দেশ চলেছে, এভাবে আর দেশ চলতে পারে না। এজন্য মৌলিক সংস্কার হতে হবে এবং কোটি কোটি টাকা পাচারকারীদের বিচার হতে হবে। এরপর জাতীয় নির্বাচনের একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনুস এই বাংলার মানুষের কাছে তিনটি কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন— ‘সংস্কার, দৃশ্যমান বিচার, এরপর জাতীয় নির্বাচনের ব্যবস্থা’। কিন্তু বিচার দৃশ্যমান হওয়ার আগেই তিনি নির্বাচন ঘোষণা করেছেন। কেন, কী কারণে— তা জানতে চায় বাংলাদেশের মানুষ।”
রেজাউল করিম আরও বলেন, “বাংলাদেশের মানুষ এখন আর ঘুমিয়ে নেই। আমরা সজাগ হয়েছি, আর আমাদের সম্পদ চুরি করতে দেব না। আমাদের স্লোগান একটাই— বিদেশি প্রভাব বা ‘ফেইস’-এর জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না, হবে না, হবে না।”
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি শামসুল হক সুমন। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলা সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ হাফেজ কাজী মোহাম্মদ আলী।
উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা মো. জাকির হোসেন খাসনগরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সৈয়দ আনোয়ার আহমদ লিটন এবং কেন্দ্রীয় স্টেজ কমান্ডার আলহাজ মো. আব্দুর রহিম প্রমুখ।
ইএইচ