২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে ঝিনাইদহের মহেশপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মহেশপুর উপজেলা চত্বরের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মহেশপুর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে দেশের বিভিন্ন ব্যাংকে বিশেষ করে ইসলামী ব্যাংকে প্রভাবশালী গোষ্ঠী এস আলমের মাধ্যমে অদক্ষ ও অযোগ্য ব্যক্তিদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগের ফলে ব্যাংক খাত আজ গভীর সংকটে পড়েছে এবং সাধারণ গ্রাহকের আস্থা নষ্ট হয়েছে। বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে মেধা ও যোগ্যতাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।
এ সময় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ বলেন, “আমরা চাই দেশের ব্যাংকিং সেক্টর হোক স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গ্রাহকবান্ধব। অদক্ষ কর্মকর্তাদের কারণে ইসলামী ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাদের ছাঁটাই না হলে ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে না।”
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, ইসলামী ব্যাংকের গ্রাহক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ