রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় প্রবারণা পূর্ণিমা উদযাপিত

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৭:৩৯ পিএম

দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে রাঙামাটির রাজবন বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা।

বৌদ্ধ ধর্মীয় ভিক্ষুরা তিন মাস বর্ষাবাসের শেষ দিনটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপন করেন।

প্রবারণা হলো আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের ধর্মীয় উৎসব।

সকাল থেকে রাঙামাটির রাজবন বিহারে বৌদ্ধ পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, অন্নদানসহ নানাবিধ দানের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধর্মীয় দেশনা দেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির।

এ সময় রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ, রাঙামাটি পুলিশ সুপার এস.এম. ড. ফরহাদ হোসেন, কেন্দ্র বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান উপস্থিত ছিলেন।

শুধু রাঙামাটি রাজবন বিহারে নয়, বিভিন্ন বিহারে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিণ্ডদান ও প্রাতঃরাশ, মঙ্গল সূত্র পাঠ, বুদ্ধপূজা, পঞ্চশীল প্রার্থনা, মহাসংঘ দান, প্রদীপ পূজা, হাজার বাতি দানসহ বিভিন্ন দানানুষ্ঠানের মধ্য দিয়ে প্রবারণা উদযাপন করা হচ্ছে।

ধর্মীয় অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব প্রাণীর মঙ্গল ও বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়।

ইএইচ