বিএনপিতে তোলপাড়

‘ইজাযতের পর আরিফুল হকের আসসালাম’

আতিকুর রহমান নগরী, সিলেট প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৩:৫৮ পিএম

আজ থেকে প্রায় তিন মাস আগে সিলেট-১ আসনে নিজেকে ‘হকদার’ দাবী করে মুরব্বীদের ইজাযত (অনুমতি) নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বিএনপির সিনিয়র নেতা আরিফুল হক চৌধুরী।

তিন মাস পর, ৭ অক্টোবর, তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিসিক মেয়রের অবস্থান থেকে সিলেট-১ আসনে নিজের প্রার্থীতা ঘোষণা করেন। 

তিনি জানান, সংসদ সদস্য মনোনয়ন না পেলে সিটি মেয়র পদে তাকে ঘোষণা করতে হবে। অন্যকিছু হলে তিনি ‘আসসালাম’ বলেন।

আরিফুল হক চৌধুরীর এই ‘আসসালাম’ বক্তব্য বিএনপিতে তোলপাড় সৃষ্টি করেছে। দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ বিষয়ে মন্তব্য করছেন। 

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

সিলেট নগরের প্রাণকেন্দ্র বন্দরবাজার জামে মসজিদে ১১ জুলাই জুমার নামাজের আগে আরিফুল হক চৌধুরী মুরব্বিদের কাছে ইজাযত চান। তিনি বলেন, “এই এলাকার সন্তান হিসেবে আমি নিজেকে এ আসনে ‘হকদার’ মনে করি। আপনারা কি আমাকে ইজাজত দেবেন?” তখন মুরব্বিরা একমত হয়ে বলেন, তারেক রহমান সিলেট-১ আসনে না এলে আমরা আপনাকে চাই। নামাজ শেষে মসজিদের বাইরে মুসল্লিদের সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন আরিফ।

৭ অক্টোবর সন্ধ্যায় সিলেট নগরীর মেজরটিলা এলাকায় বিএনপির ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচির পর এক সংক্ষিপ্ত সমাবেশে আরিফুল হক চৌধুরী বলেন, “আমার দলের চেয়ারম্যানকে জানিয়েছি, নির্বাচন করলে যদি আমাকে সংসদ সদস্য দেন, তাহলে সিলেট-১ দিতে হবে। আর যদি না দেন, তাহলে আমাকে এই এলাকায় মেয়রের মতো ঘোষণা করতে হবে। না হলে আমাকে বলতে হবে ‘আপনাকে দিয়ে হবে না; আমি আসসালামু আলাইকুম’। মধ্যখানে কোনো কিছু থাকবে না।”

সিলেট-১ আসনে প্রার্থী হওয়ার বিষয়ে স্পষ্ট করে আরিফুল হক চৌধুরী বলেন, “আমি দলের মতকে প্রাধান্য দিই। দলে যে সিদ্ধান্ত দেবে সেটাই আমি মেনে নিব। আমি অতীতেও কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাইনি, এখনো যাবো না। এখনো সিলেট-১ আসনের প্রার্থী আমি। কাল থেকে প্রচারণা চালাবো। দল যদি বলে না, আমি মেনে নিব।”

তিনি আরও বলেন, “সিলেট-১ আসন বা মেয়র পদে মনোনয়ন না পেলে ‘আসসালামু আলাইকুম’ বলি। একজন আমাকে সালাম করেছিল, পরে আমি আমার বক্তব্য চালিয়ে যাই।”

এদিকে আরিফুল হক চৌধুরীর এ মন্তব্যে সিলেট-১ আসনে রাজনৈতিক উত্তেজনা ও মনোযোগ ব্যাপকভাবে বেড়েছে।

ইএইচ