অনলাইনে ইলিশ বিক্রিতে প্রতারণা ও হয়রানির শিকার হয়েছেন অনেক ক্রেতা। যারা এই ধরনের প্রতারণার সঙ্গে জড়িত তারা নিজেদের চাঁদপুরের ইলিশ হিসেবে পরিচয় দেয় এবং ঠিকানা ব্যবহার করে প্রতারণা করে আসছে। এসব প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।
জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে অনলাইনে ইলিশ বিক্রির জন্য নিবন্ধনের আবেদন গ্রহণ করা হয়। ৪৪ জনের আবেদন যাচাই-বাছাই শেষে ৭ জন ব্যবসায়ীকে নিবন্ধন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ৭ ব্যবসায়ীর হাতে অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “কাগজপত্র সঠিক পাওয়ার কারণে প্রাথমিক পর্যায়ে ৭ জনকে নিবন্ধন দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি, এই ধরণের নিবন্ধন আমরা প্রতিবছর দেব। নিবন্ধনের জন্য কোন টাকা নেয়া হয়নি। পরবর্তীতে ১ থেকে ২ বছরের জন্য নবায়ন পদ্ধতি চালু হতে পারে, তখনও টাকা নেওয়া হবে না। কেউ যদি ব্যবসা বন্ধ রাখে, তার নিবন্ধন বাতিল করা হবে। মূলত আমরা চাঁদপুরের ইলিশের ঐতিহ্য সমুন্নত রাখতে চাই, যেন কেউ চাঁদপুরের ইলিশ বলে প্রতারণা করতে না পারে। আমরা এই বিষয়টি প্রতিহত করতে চাই।”
ডিসি আরও বলেন, “নিবন্ধন হওয়া ব্যবসায়ীদের তালিকা জেলা প্রশাসকের ওয়েবসাইটে দেওয়া হবে। এতে বাকি ব্যবসায়ীরাও নিবন্ধিত হওয়ার জন্য আগ্রহী হবেন। যারা বাইরে থেকে প্রতারণা করছেন, তারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। আমরা বিষয়টি ব্যাপক প্রচারণা করবো। আপনারা হাতিয়ার ইলিশ চাঁদপুরের বলে বিক্রি করবেন না। যেন ক্রেতা প্রতারিত না হয় এবং চাঁদপুরের ইলিশের ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন থাকে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ এবং সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন বলেন, “বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা ৪৪টি আবেদন পেয়েছি। এর মধ্যে কাগজপত্র যাচাই-বাছাই করে ৭ জনকে নিবন্ধন দিতে সক্ষম হয়েছি। এই নিবন্ধন প্রক্রিয়া বন্ধ হবে না। চাঁদপুর জেলার যে কেউ আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই করে সঠিক মনে হলে তাদের নিবন্ধনের আওতায় আনা হবে।”
অনলাইনে ইলিশ বিক্রির জন্য নিবন্ধন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো: ইলিশ ভাইয়া চাঁদপুর, মাছ পল্লী, একিন সপ, তাজা ইলিশ.কম, ইলিশ রানী, রুপালী বাজার, সজিব ইলিশের বাজার চাঁদপুর।
ইএইচ