সিলেটের বিশ্বনাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে বিশ্বনাথ বাসিয়া ব্রিজ ও থানার গেইটের সামনে এ ঘটনা ঘটে।
সিলেট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিবের সমর্থকদের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে যুবদল নেতা আব্দুর রহমান, ছাত্রদল নেতা মিনহাজসহ উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে বাকি আহতদের নাম জানা যায়নি।
এ সময় বিশ্বনাথ নতুন বাজার-পুরান বাজারের সবকটি দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়। থানার গেইটও বন্ধ ছিল। পরে থানার পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ এসে দুইপক্ষকে সরিয়ে পরিস্থিতি শান্ত করে।
জানা যায়, সিলেট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লুনা ও হুমায়ূন কবিবের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার দুপুর থেকেই উত্তেজনা দেখা দেয়। পরে বিকেলে হুমায়ুন কবির উপজেলার দৌলতপুর ইউনিয়নে একটি অনুষ্ঠানে যান। আর পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ শেষে বাসিয়া সেতুতে মিছিলের সময় দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
অনুষ্ঠান থেকে হুমায়ুন কবির ফিরে যাওয়ার পরে হঠাৎ রাত ৯টার দিকে দুইপক্ষের সমর্থকের আবার উত্তেজনা শুরু হয়। লুনা বলয়ের সমর্থকরা বিশ্বনাথ নতুন বাজারে এবং হুমায়ূন কবির বলয়ের সমর্থকরা পুরান বাজারে অবস্থান নেন। সাড়ে ৯টায় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অনেকেই আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে বাকি আহতদের নাম জানা যায়নি।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, রাজনৈতিক ইস্যুতে দুইপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়েছি। তবে টিয়ারশেল কিংবা শট গানের গুলি খরচ করা লাগেনি।
ইএইচ