চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকায় শনিবার রাত দেড়টার দিকে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে সশস্ত্র ডাকাতদল এক বিয়ে বাড়িতে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল লুট করেছে। ঘটনার আশ্চর্যের বিষয় হলো ঘটনাস্থলের মাত্র ১০ ফুট দূরে থাকা পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।
বর মো. আরিফুল ইসলাম ও তার বড় ভাই আলমগীর জানান, ডাকাতরা সাদা-আকাশি পোশাক পরা ৮ জন ছিল। অস্ত্রের মুখে তারা উপস্থিত সবাইকে আটকে আলমারি ভেঙে ১১ ভরি স্বর্ণ, দুই লাখ টাকা এবং দুটি স্মার্টফোন লুট করে। স্থানীয়দের ধারণা, ডাকাতদের মধ্যে কয়েকজন আগে থেকেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল।
রোববার দুপুরে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জামাল উদ্দিন ও থানার ওসি মুহাম্মদ শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় এসি মো. জামাল উদ্দিন বলেন, “আইনি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। দেশীয় তৈরি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।”
এ ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন, তারা দ্রুত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
ইএইচ