শিবচরের ছাত্রদলের দুই নেতা সড়ক দুর্ঘটনায় নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৩:৩১ পিএম

মাদারীপুরের শিবচর উপজেলার ছাত্রদলের তরুণ দুই নেতা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সোমবার রাত আনুমানিক ১১টার দিকে মুন্সিগঞ্জ জেলার আব্দুল্লাহপুর বাজার সংলগ্ন এলাকার যাত্রী ছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ এবং পাচ্চর ইউনিয়ন ছাত্রদলের নেতা মুজিবুল হক দুর্জয়। নিহত রোমান আহমেদ পূর্ব শামাইল মৃধাকান্দির তোতা মৃধার ছেলে এবং মুজিবুল হক বাহাদুরপুর শামসুল মিয়ার ছেলে।

জানা গেছে, তারা মোটরসাইকেলে করে ঢাকা থেকে শিবচর যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই রোমান আহমেদ নিহত হন, আর গুরুতর আহত মুজিবুল হককে ঢাকা নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শিবচর উপজেলা ছাত্রদলের সভাপতি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে নিহত দুই নেতার পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, “রোমান ও দুর্জয় দুজনই ছিলেন ত্যাগী, মেধাবী এবং দলের প্রতি নিবেদিতপ্রাণ কর্মী। তাদের মৃত্যু ছাত্রদলের জন্য অপূরণীয় ক্ষতি।”

স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করলে তাদেরকে শিবচরের পাঠানোর তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় এলাকাজুড়ে গভীর শোক বিরাজ করছে।

ইএইচ