পিরোজপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০২:৩৮ পিএম

“সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা হয়েছে। 

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, পিরোজপুরের আয়োজনে বুধবার সকাল ১০টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক–সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল, সহকারী পরিচালক জাকির হোসেন হাওলাদার এবং সহকারী তথ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নানা সমস্যা তুলে ধরেন এবং তাদের প্রতি যথাযথ সম্মান, মর্যাদা ও মানবিক আচরণের গুরুত্বের ওপর জোর দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আমরা আমাদের নিজ নিজ স্থান থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতা করবো। পাশাপাশি আমরা এই অঙ্গীকার করি কমপক্ষে পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধীর কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের স্বাবলম্বী করে তুলব, যাতে আগামী বছর এই দিনে আমরা তাদের স্বাবলম্বী হিসেবে দেখতে পাই।”

আলোচনা সভা শেষে পিরোজপুরের জেলা প্রশাসক পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে স্মার্ট সাদা ছড়ি তুলে দেন।

ইএইচ