নেত্রকোণার কলমাকান্দায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্ত সড়কে মাদকের বিরুদ্ধে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মানববন্ধনে দেখা যায়, স্কুলে পড়ুয়া ছোট ছোট শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এই সময় তারা শ্লোগান দেন, “মাদকে না বলুন, সুস্থ সুন্দর সমাজ গড়ুন।”
মানববন্ধনে অংশগ্রহণ করে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমাদের কলমাকান্দা উপজেলা সীমান্তবর্তী হওয়ার কারণে এখানে পাশের দেশ ভারত থেকে সহজেই মাদক আমাদের উপজেলায় প্রবেশ করছে। মাদকের জন্যই এলাকায় চুরি, সন্ত্রাস এবং রাহাজানি বেড়ে গেছে। আমাদের দল আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা মানববন্ধনের মাধ্যমে এলাকার যুবসমাজ ও অভিভাবকদের সচেতন করতে চাই এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানাচ্ছি দ্রুত মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের গ্রেপ্তার করতে। তা না হলে আগামী দিনে আমরা এলাকাবাসীর সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।”
তিনি আরও বলেন, “এই মাদকের কারণে পারিবারিক ও সামাজিক বন্ধন নষ্ট হচ্ছে, স্বামী-স্ত্রী মাঝে কলহ হচ্ছে, সংসার ভেঙ্গে যাচ্ছে। এই পারিবারিক ও সামাজিক বন্ধন টিকিয়ে রাখতে হলে মাদক নির্মূল করতেই হবে। তাই আজ আমরা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স প্রদর্শন করতে। আমাদের এই কর্মসূচি পরবর্তীতে অব্যাহত থাকবে।”
ইএইচ