ভোলায় শিবিরের কোরআন বিতরণ কর্মসূচি

ভোলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৭:২২ পিএম

নোয়াখালীর ইসলামী ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপির সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে দারসুল কোরআন ও কোরআন বিতরণ কর্মসূচির আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখা।

সোমবার সালাতুল আসরের নামাজ শেষে শহরের খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদে দারসুল কোরআন ও সদর রোডে কোরআন বিতরণ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শহর সেক্রেটারি হাসনাইন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা শহর শাখার সভাপতি ও ভোলার যৌক্তিক দাবি আদায়ের অন্যতম প্রতিনিধি আব্দুল্লাহ আল আলমিন। 

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল আলমিন বলেন, “যারা কোরআনের প্রোগ্রাম বন্ধ করতে চায়, বাংলাদেশের মানুষ তাদেরকে বাংলাদেশ থেকে লাল কার্ড দেখিয়ে বিলীন করে দেবে। যারা না বুঝে কোরআনের প্রোগ্রাম বানচাল করতে চায়, তাদের উচিত এসে দেখা—জনগণকে ভুলভাল বোঝানোর দিন শেষ। তাওহিদি জনগণ এখন অনেক সচেতন। কোরআনপ্রেমী তাওহিদি জনতা কোরআন ও সুন্নাহ ছাড়া কিছুই বোঝে না।”

প্রধান বক্তা হিসেবে দারসুল কোরআন পেশ করেন সাবেক শহর সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। আরও উপস্থিত ছিলেন শহর অর্থ সম্পাদক মাওলানা আল আমিন সাদ, প্রকাশনা সম্পাদক সোহাগ ওসমানসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় মুসল্লিগণ।

পরিশেষে দুই শতাধিক কোরআন বিতরণের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।

ইএইচ