মৎস্যচাষী ও মৎস্যজীবী সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান সভা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৮:৪৮ পিএম

‘জলবায়ু সহনশীল মাছ চাষে জীবন জীবিকায় সমৃদ্ধি আসে।’ এই স্লোগানকে সামনে রেখে নাসিরনগরে অনুষ্ঠিত হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যচাষী ও মৎস্যজীবী সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান ও কর্মশালা।

মঙ্গলবার উপজেলা মৎস্য দপ্তর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনে মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে মৎস্যচাষী, মৎস্যজীবী ও সাধারণ জনগণকে সচেতন করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান সাকিল এবং এফএও কো-অর্ডিনেটর শফিউল্লাহ।

দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে শিল্পীরা রঙতুলিতে ফুটিয়ে তোলে নদী, হাওর ও প্রকৃতির পরিবর্তনের চিত্র। তাদের আঁকা ছবিতে ফুটে ওঠে শুকিয়ে যাওয়া নদী, ফেটে যাওয়া মাটি ও জেলেদের উদ্বিগ্ন মুখাবয়ব।

ক্ষুদে চিত্রশিল্পী তন্ময় দাস বলেন, "আমার ছবিতে বাবার মতো এক জেলেকে এঁকেছি, যিনি এখন নদীতে আর মাছ পান না। তার মতো আরও অনেক শিশু তাদের ছবিতে তুলে ধরেছে জীবনের সংকট, নদীর বুকের পলি, বিলীন হওয়া মাছ আর ক্লান্ত মানুষের মুখ।"

দুপুরে অনুষ্ঠিত হয় নাটিকা প্রদর্শনী ‘নদী শুকালে জীবন থামে’। আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় নাটিকাটিতে উঠে আসে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বাস্তবতা—নদী হারালে জীবিকা হারায়, মাছ হারালে হারায় গ্রামীণ জীবন।

দিনের শেষভাগে শিক্ষার্থী ও মাছচাষীদের সম্মিলিত কণ্ঠে উচ্চারিত হয় পরিবেশবান্ধব বার্তা, “মানুষ হইয়া মানুষের আমরা ক্ষতি করতাসি, নিজের হাতে দেশের সম্পদ নষ্ট করতাসি।”

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, "জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এর মোকাবিলায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নদী, খাল, বিল যাদের জীবিকা এসবের সঙ্গে জড়িত, তাদের সচেতনতা ও উদ্যোগ ছাড়া এই লড়াই সফল হবে না।"

ইএইচ