নওগাঁর মান্দায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নওগাঁ–রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া মোড়ের অদূরে মিলনের ইটভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: মান্দা উপজেলার গণেশপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে তুহিন (২০) এবং একই গ্রামের এমদাদুল হকের ছেলে ইয়ামিন (২০)। ঘটনাস্থলেই তুহিন মারা যান এবং ইয়ামিনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।
আহতরা হলেন: মিরপুর গ্রামের আকবর আলীর ছেলে আশিক (২০), গণেশপুর গ্রামের আখতার হোসেনের ছেলে সাদিক (২০), সবুজ হোসেনের ছেলে তরুণ (২০) এবং শ্রীরামপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২০)। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে সতীহাট থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সাতবাড়িয়ার অদূরে মিলনের ইটভাটা এলাকায় তাদের একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন মারা যান এবং বাকি পাঁচজন গুরুতর আহত হন।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কা চৌধুরী বলেন, রাত আটটার দিকে আহত পাঁচ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং বাকি চারজনের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলেই একজন মারা যায়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান আশেকিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনা তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই তরুণের মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
জেএইচআর