মাগুরা সরকারি শিশু পরিবার (বালিকা)-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে শিশুদের নানা রঙের পরিবেশনা ও প্রতিযোগিতায় মুখর ছিল পুরো প্রাঙ্গণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. জাকির হোসেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, “সরকারি শিশু পরিবারে বেড়ে ওঠা শিশুদের জন্য শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার সুযোগ বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের আত্মবিশ্বাসী, সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের মধ্যে শৃঙ্খলা, দলবদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। অনুষ্ঠানে শিশু পরিবারে বসবাসরত কন্যাশিশুরা নাচ, গান, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে। পরে জেলা প্রশাসকসহ অতিথিরা শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের উৎসাহ প্রদান করেন।
দিনশেষে পুরস্কার বিতরণ পর্বে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মুখে ছিল আনন্দ ও উচ্ছ্বাসের ঝলক।
জেএইচআর