বাগেরহাটে বাস চাপায় ঠিকাদার নিহত

বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৩:৪৫ পিএম

বাগেরহাটে বাস চাপায় মো. শামীম তালুকদার (৩০) নামের এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। 

শুক্রবার বেলা সাড়ে ১১টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম তালুকদার শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতি তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের মেগনিতলা এলাকায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে শহরের দিকে যাচ্ছিলেন শামীম।

এ সময় ঢাকা থেকে আসা ফাল্গুনি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলসহ শামীমকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে সঙ্গে বাসচালক ও সহযোগীরা পালিয়ে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল হাসান বলেন, “চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইএইচ