রাঙামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে আসন্ন খেলাধুলা প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে আগামী ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মিনি ম্যারাথন, ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা সফলভাবে সম্পাদনের লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
সভা সঞ্চালনা করেন রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়— এটি সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার একটি কার্যকর মাধ্যম। জেলা পুলিশের পক্ষ থেকে এই আয়োজনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও মজবুত হবে।”
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, সহ রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ