লালমনিরহাট সীমান্তে ভারতীয় গরু ও বিপুল পরিমাণ মাদক জব্দ

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০২:৫৭ পিএম

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় ৩টি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে। 

চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযানে ১৫ বিজিবি’র শক্ত অবস্থান।

২৯ ও ৩০ অক্টোবর দুই দিনের সফল অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় গরু আটক করে বিজিবি।

বিজিবির বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ঝাউরানী বিওপি’র আওতাধীন উত্তর হাতিবান্ধা উপজেলার ঝাউরানী এলাকা, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বিওপি’র আওতাধীন মোগলহাট জিরো পয়েন্ট, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গঙ্গারহাট বিওপি নামক স্থানে রাতে ও দিনে বিজিবি’র ৩টি বিশেষ টহলদল অভিযান চালায়। 

সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ভারতীয় গরু ও অন্যান্য মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামালগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১টি মোটরসাইকেল জব্দ করেন ১৫ বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ভারতীয় ফেন্সিডিল ৫১ বোতল (বাজার মূল্য ২০,৪০০ টাকা), ইস্কাফ সিরাপ ২০ বোতল (সিজার মূল্য ৮,০০০ টাকা), মোটরসাইকেল ১টি (সিজার মূল্য ১,৩০,০০০ টাকা) ও ভারতীয় গরু ৮টি (সিজার মূল্য ৯,৬০,০০০ টাকা), সর্বমোট বাজার মূল্য ১১ লাখ ৮ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার কথা জানিয়েছেন বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “চোরাচালান প্রতিরোধ ও দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান প্রতিরোধ ও মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

এছাড়া তিনি স্থানীয় জনগণকে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা অর্জনের মাধ্যমে মাদকবিরোধী এমন সফল অভিযানে প্রশংসার দাবিদার বলে জানান স্থানীয়রা।

ইএইচ