নবাবগঞ্জে দিনব্যাপী স্কাউটস ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৩:০২ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে দিনব্যাপী ৬৯২ ও ৬৯৩তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুম কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা মো. মুনতাসীর মাহফুজ। 

তিনি বলেন, শিশু-কিশোর ও শিক্ষার্থীরা যেন মোবাইলে আসক্ত না হয়ে পড়ে, সেজন্য পড়াশোনার পাশাপাশি তাদের স্কাউটিংয়ে যুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, এই কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শরীর ও মন সুস্থ থাকবে। পাশাপাশি তারা মিতব্যয়ী হবে এবং রাষ্ট্র ও সমাজের বিভিন্ন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। ফলে দেশ ও জাতির কল্যাণে সর্বদা নিজেকে উৎসর্গ করার মানসিকতা তৈরি হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট নবাবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলন এবং বাংলাদেশ স্কাউট উপজেলা শাখার কমিশনার মোঃ এনামুল হক প্রমুখ।

কোর্স লিডার ছিলেন মশিউর রহমান ও মোতালেব হোসেন।

কোর্সে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াহেদ। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

ইএইচ