রামেক হাসপাতালে কার্নিশ ভেঙে শিশু আহত

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৪:২৩ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ছাদের কার্নিশ ভেঙে চিকিৎসা নিতে আসা এক শিশুর মাথায় আঘাত লেগেছে। আহত শিশুটি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।

সোমবার দুপুরে হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুর নাম মিম্মা (৫)। সে রাজশাহীর চারঘাট উপজেলার মোহাম্মদ সামিউল হোসেন ও হাসি বেগমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সামিউল হোসেন স্ত্রী ও সন্তানকে নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। এ সময় হঠাৎ বিভাগের ছাদের কার্নিশের একটি অংশ ভেঙে নিচে পড়ে শিশুটির মাথায় আঘাত লাগে। পরে দ্রুত তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ১টার দিকে তাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হাসপাতালের ভবনের কিছু অংশ অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ। নিয়মিত সংস্কার না হওয়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

আহত শিশুর বাবা সামিউল হোসেন বলেন, “টিকিট কেটে ডাক্তার দেখানোর জন্য বসে ছিলাম। হঠাৎ ছাদের একটি অংশ ভেঙে মেয়ের মাথায় পড়ে কেটে যায়। পরে কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করেছে এবং সব খরচ বহন করছে। মেয়ের অবস্থাও এখন ভালো।”

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, “শিশুটি সামান্য আঘাত পেয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।”

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহমেদ বলেন, “হাসপাতালটি অনেক পুরোনো হওয়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তবে ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখন সে ভালো আছে।”

ইএইচ