টাঙ্গাইলের মধুপুরে প্রতিবন্ধী শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ ভবনের ৪র্থ তলায় উপজেলা কনফারেন্স রুমে মধুপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম, সহকারী উপপরিচালক খাশনবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান, মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির এবং হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান।
সেমিনারে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি তাদের আর্থ–সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষা সহায়তার মাধ্যমে তারা সাধারণ শিক্ষার সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যতে আত্মনির্ভর হয়ে সমাজে সম্পৃক্ত হতে সহায়তা করবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা অফিসসমূহের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা, প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সেমিনারটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তফা হোসাইন।
জেএইচআর