লোহাগড়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতীয় সংহতি দিবস পালন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৪:০০ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের আয়োজনে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উদযাপন করা হয়।

শুক্রবার সকাল ১১টায় লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা খেয়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের সভাপতি অব. সার্জেন্ট মো. এস এম ফরিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি অব. মেজর কাজি মন্জুরুল ইসলাম প্রিন্স আলোচনা সভায় বক্তব্য রাখেন। 

এ সময় আরও বক্তব্য রাখেন সিরিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) নওশের আহমেদ, অনারী ক্যা. মো. আব্দুল্লাহ, সি. ওয়ারেন্ট অফিসার (অব.) মো. সানোয়ার হোসেন (বীর প্রতীক), অনারী সাব লে. (অব.) নাজমুল হুদা, সার্জেন্ট (অব.) মো. মাসুদুর রহমান, কর্পোরাল (অব.) সরদার রইচ উদ্দিন টিপু (সাংবাদিক), সার্জেন্ট (অব.) মোস্তাফিজুর রহমান রিপন, মো. জিয়াউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, “সিপাহী জনতার বিপ্লব ১৯৭৫ সালের ৭ই নভেম্বর বাংলাদেশে সংঘটিত একটি অভ্যুত্থান। যা একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সংঘটিত হয়েছিল। এই ঘটনায় বামপন্থী সেনা সদস্যরা সাধারণ জনগণের সহায়তায় মেজর জেনারেল খালেদ মোশাররফকে ক্ষমতাচ্যুত করে এবং মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি দেয়, যা পরবর্তীতে তার ক্ষমতা গ্রহণ এবং রাষ্ট্রপতি হওয়ার পথ সুগম করে। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সকল সৈনিক এবং যারা চাকুরিতে কর্মরত আছেন, তারা সকলে এই দিনকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে।”

ইএইচ