গাইবান্ধার সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের আগমনকে ঘিরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৪টায় সাদুল্লাপুর হাইস্কুল মাঠে আয়োজিত এই সমাবেশে হাজারো মানুষের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী সুরুজাম্মান সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা সভাপতি এম এস মামুন। আয়োজক ছিলেন গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে তরুণ সমাজকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে।
মূল বক্তব্যে ভিপি নুরুল হক নুর বলেন, “দেশে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই দেশ ও জনগণকে রক্ষায় গণতন্ত্র ফিরিয়ে আনা ছাড়া কোনো বিকল্প নেই। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় সব সময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও পাশে থাকবো।”
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার নেতাকর্মীসহ হাজারো সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জনসভা সমাপ্ত হয়।
ইএইচ