ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোখলেছুর রহমান টোকনের ব্যবসা প্রতিষ্ঠান ও সেখানে অবস্থিত সংগঠনের অস্থায়ী পৌর কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকেলে হরিণাকুণ্ডু শহরের একতারা মোড়ে এ ঘটনা ঘটে।
দোকানের মালিক ও গণঅধিকার পরিষদের পৌর আহ্বায়ক মোখলেছুর রহমান টোকন বলেন, “বিকেলে শহরে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান থেকে ফেরার পথে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী আমার মোটর ওয়ার হাউজে হামলা চালিয়ে ভাঙচুর করে।” তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ করা হবে।
এ বিষয়ে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন বলেন, “বিষয়টি শোনার পর আমি ঘটনাস্থলে গিয়েছি। কোনো রাজনৈতিক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা কাম্য নয়। এ ঘটনায় যদি আমার দলের কেউ জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ইএইচ