“বেগম জিয়া যেমন সন্তানের লাশ ধরে নিরবে দাঁড়িয়ে ছিলেন, আমার মাও সেভাবেই মুগ্ধর লাশ নিয়ে দাঁড়িয়ে ছিল” এমন আবেগভরা কণ্ঠে বক্তব্য রাখলেন শহীদ মীর মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
সোমবার বিকেল তিনটার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মীর স্নিগ্ধ বলেন, “১৭ বছর ধরে খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন-নিপীড়ন করেছে। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি। আন্দোলনের সময় আমরা আপোষ করিনি। আমাদের গণভবনে নিয়ে আপোষ করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা নত হইনি বাধ্য হয়ে আত্মগোপনে থাকতে হয়েছিল।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে। চিরতরে ফ্যাসিস্টের পতনের মধ্য দিয়েই এসব হত্যার প্রতিশোধ নিতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “জিয়াউর রহমানের আদর্শ প্রতিটি বিএনপি নেতাকর্মীর হৃদয়ে লালন করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে।”
বক্তৃতা শেষে তিনি স্লোগান দেন “নবীন-প্রবীণ বাধো জোট, ধানের শীষে দিবো ভোট।”
সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার এবং জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
ইএইচ