বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনটি অতীতে কখনো বিএনপির হাতে আসেনি। বহু বছর ধরে এটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। তবে অতীতের রেকর্ড ভেঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী নির্বাচিত হবেন, ইনশাআল্লাহ-এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ওবায়দুল ইসলাম।
শুক্রবার রাতে মোরেলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের একটি নামজজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ড. ওবায়দুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে আসন ফেরাতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির মধ্যে এখন আর কোন বিভক্তি নেই। হাই কমান্ড যাকে নমিনেশন দিবে, সকলে তার হয়ে মাঠে কাজ করবে। আমরা ‘সংখ্যালঘু’ বলে কাউকে ছোট করি না, সবাই সমান অধিকারভোগী। সকল ধর্ম ও বর্ণের মানুষ ধানের শীষের পক্ষে থাকবে।
তিনি আরও বলেন, এ আসন জোটের সমর্থনে জামায়াতে ইসলামী একবার, এককভাবে আরও একবার পেয়েছে। তবে অতীত ও বর্তমানের প্রেক্ষাপট এক নয়। এবারের নির্বাচন ইতিহাস বদলে দিতে হবে।
এসময় বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ফকির, গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যাপক আব্দুল আউয়াল, অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দিপক কর্মকার এবং সদ্য যোগদানকারী মতুয়া সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঐক্যজোটের কেন্দ্রীয় সভাপতি সোমনাথ দে তার সঙ্গে ছিলেন।
জেএইচআর