পোরশায় সড়কে ডাকাতি প্রতিরোধে ডিআইজির মতবিনিময় সভা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৭:২০ পিএম

পোরশার সড়কে ডাকাতি প্রতিরোধে এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের অনুমতিক্রমে স্থানীয়রা জানান, “আমরা বেজোড়া মোড় ও আশেপাশের গ্রামে বাস করি। ডাকাতের ভয়ে ঘুমাতে পারি না। রাজশাহী শহরে চিকিৎসা নিতে যাই বা কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলে-মেয়েরা পড়াশোনা করে সন্ধ্যার পরে আসতে চাইলে ভয়ে আসতে পারে না। এ অঞ্চলে বিভিন্ন হাটবাজার গড়ে উঠেছে, সেখানে ব্যবসায়ীরা নিরাপত্তার কারণে যাতায়াত করতে পারছে না। এটি একটি আঞ্চলিক মহাসড়ক। কয়েক বছর আগে রাতে পন্যবাহি গাড়ি চলাচল করতো, এখন সড়ক ডাকাতের ভয়ে গাড়ি চলাচল বন্ধ। দোকান ঘরে টাকা ও মূল্যবান জিনিস রেখে বাড়ি যেতে পারি না।”

আরও একজন স্থানীয় জানান, “রাতে বাড়ি থেকে বের হতে ভয় লাগে।”

এক সাংবাদিক বলেন, “রাস্তার দুপাশে কিছু বাধা বা সেফটি ব্যবস্থা থাকলে চোর পালানোর সুযোগ হ্রাস পেত।”

সমাধান মূলক বক্তব্যে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, “সারাইগাছি মোড় থেকে বড়দাদপুর পর্যন্ত তিনটি মোড়ে সাংবাদিক, বণিক সমিতির সদস্য ও গ্রামবাসী নিয়ে তিনটি কমিটি গঠন করা হবে। তাদের কাছে নিরাপত্তা বিভাগের সকল জরুরি যোগাযোগ নাম্বার থাকবে। প্রশাসন যৌথভাবে এই রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আইনগত সকল সহযোগিতা আমার পক্ষে থাকবে।”

বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী বলেন, “বেজোড়া মোড়ে এই পরিস্থিতিতে আপনারা উপস্থিত হয়েছেন, তা আমাদের জন্য সান্ত্বনা।”

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি শাহাব উদ্দিন, পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, বেজোড়া মোড়ের দোকানদার, পোরশা মডেল প্রেসক্লাবের সাংবাদিক এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

ইএইচ