বরিশাল-৫ আসনে সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন বাসদের ‘মনীষা’

বরিশাল ব্যুরো প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৩:০৬ পিএম

বরিশালবাসীর পরিচিত ও আলোচিত মুখ ডা. মনীষা। তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব এবং নারী নেত্রী।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে প্রার্থী হচ্ছেন। যার আরেকটি পরিচয় ‘টেসলা নেত্রী’। ব্যাটারিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলারের বৈধতা চেয়ে গড়ে ওঠা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব তিনি। এ কারণে অনেকে তাকে টেসলা নেত্রী হিসেবেই চেনেন।

তবে বরিশালের নির্বাচনের মাঠে নিষিদ্ধ দল আওয়ামী লীগ নেই। শুধু তাই নয়, জাতীয় পার্টিকেও অংশগ্রহণ করতে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। 

তবে ভোটের মাঠে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত।

যদিও ইতিমধ্যে জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, বিএনপি, এনসিপি, খেলাফত মজলিসসহ কয়েকটি দল বরিশাল সদর-৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে অধিকাংশ দল এখন পর্যন্ত কোন প্রার্থী ঘোষণা করতে পারেনি।

নির্বাচনমুখী যেসব দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেসব দলের প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থকদের গণসংযোগে সাধারণ মানুষ পাচ্ছেন। বলা যায়, বরিশালে ভোটের আমেজ কিছুটা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক নেতা বলেন, বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীদের নির্বাচনকেন্দ্রিক ভোটের মাঠে তৎপরতা থাকলেও এখন পর্যন্ত বাসদের কোন তৎপরতা দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, বাসদের নারী নেত্রী ডা. মনীষাও নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে প্রার্থী হতে যাচ্ছেন—এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি প্রার্থী হলে অবশ্যই তিনিও ভোটের মাঠে থাকতে পারেন বলে জানান।

বাসদের ডা. মনীষা ২০১৮ সালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণের মাধ্যমে আলোচনায় আসেন। তবে বরিশালে তার আন্দোলন-সংগ্রামের প্রধান ক্ষেত্র ছিল ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা। সে সময় অবৈধ এসব ব্যাটারিচালিত রিকশার পক্ষ নেওয়া নিয়ে মুখোমুখি অবস্থান ছিল সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বাসদ নেত্রী মনীষার। বিভিন্ন সময়ে থ্রি-হুইলার চালকদের আন্দোলন সংগ্রাম ছাড়াও বরিশালের সমসাময়িক বিষয়ে আন্দোলন করে খ্যাতি পাওয়া ডা. মনীষা সদর আসনে প্রার্থী হলে বাম ধারার ভোটার ও টেসলা চালকরা তার পক্ষে থাকবেন বলে মনে করেন সাধারণ মানুষ।

বাসদের জেলা সদস্য সন্তু মিত্র বলেন, ৩৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পান মনীষা চক্রবর্তী। কিন্তু সরকারি চাকরিতে যোগ না দিয়ে তিনি রাজনীতির সঙ্গেই যুক্ত রয়েছেন। তিনি বিনা পয়সায় গরিব মানুষকে চিকিৎসা দেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে থাকেন। শ্রমিকদের মধ্যে জনপ্রিয় তিনি। মনীষার দাদা শহীদ মুক্তিযোদ্ধা, বাবাও মুক্তিযোদ্ধা। পারিবারিক ঐতিহ্যের কারণেও তাঁকে নিয়ে মানুষের আগ্রহ আছে। তিনি নির্বাচনে অংশগ্রহণ করলে বিজয়ের সম্ভাবনা রয়েছে।

সংসদ-সদস্য প্রার্থী হওয়ার বিষয়ে আলাপকালে নারী নেত্রী ডা. মনীষা বলেন, ‘আমি ও আমার পরিবার সাধারণ মানুষদের জন্য সবসময় আন্দোলন-সংগ্রাম করে আসছি। সংসদ-সদস্য নির্বাচিত হলে বরিশালের উন্নয়নের জন্য কাজ করব।’ শুধু তাই নয়, ‘বরিশাল হবে একটি উন্নত মানের বিভাগ। নগরবাসী পাবে সকল সুবিধা।’

এর আগে বরিশাল সদর-৫ আসনে সংসদ-সদস্য প্রার্থী ঘোষণা করেন বিএনপির মজিবর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফয়জুল করিম, জামায়াতে ইসলামের মোয়াজ্জেম হোসেন হেলাল এবং এনসিপির লিপু। বরিশাল সদর উপজেলার দশটি ইউনিয়ন ও সিটি শহর নিয়ে গঠিত সদর-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৪ লাখ ৬৮ হাজার ৬৭৯ জন ভোটারের বিপরীতে লড়াই করবেন এই পাঁচ প্রার্থী।

ইএইচ