১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৪:৫৩ পিএম

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন ঝিনাইদহে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। 

রোববার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে এ কর্মসূচির আয়োজন করে ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ জেলা শাখা। 

সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। কর্মবিরতিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন।

সে সময় ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ জেলা শাখার সভাপতি রেজাউল আলম, সহ-সভাপতি মাজহারুল ইসলাম, প্রবীর কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বেতন বৈষম্যের শিকার। অন্য ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেড পেলেও তাদের দাবি মানা হচ্ছে না। তাই দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।

এদিকে কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়ে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। সকাল থেকেই ফার্মেসী ও প্যাথলজির সামনে অপেক্ষা করতে দেখা গেছে ভুক্তভোগীদের।

জেলা সদর হাসপাতাল ছাড়াও জেলার সকল সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র ও হাসপাতালগুলোতে একযোগে এ কর্মসূচি পালিত হয়েছে।

ইএইচ