‘আইনশৃঙ্খলা উন্নয়নে নোয়াখালী বাসীর জন্য যা যা করা দরকার তাই করব’

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৫:৪৪ পিএম

নোয়াখালী জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেই জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন, টি.এম মোশাররফ হোসেন।
তিনি এর আগে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

সোমবার সকালে তার কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন নোয়াখালীর মাদক, কিশোর গ্যাং, অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলাবাসী ও সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনীতিবিদ গণের সহযোগিতা কামনা করেন। 

তিনি আরও বলেন, পুলিশ টিমের পক্ষ থেকে, পুলিশ সুপারের পক্ষ থেকে, সেবা প্রার্থীদের জন্য আইনগতভাবে যা যা করা দরকার, তা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ সুপার সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেন এবং তা নোট ডাউন করেন। গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়নের বিষয়টি জানানো হয়। একই প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের রদবদল করা হয়েছে। তিনি ৩০ নভেম্বর নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে সদ্য যোগদান করেন।

টি.এম মোশাররফ হোসেন বিসিএস পুলিশ ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ফরিদপুর সদর উপজেলায়।

২০০৮ সালে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) যোগদানের মাধ্যমে পুলিশের পেশাগত জীবনে পদার্পণ করেন তিনি। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং ইন সার্ভিস ট্রেনিং সেন্টার নওগাঁসহ বিভিন্ন ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

গত বছরের সেপ্টেম্বরে তাকে খুলনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়, যেখানে দায়িত্ব পালনকালে বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের জন্য তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। এবার নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী জেলা পুলিশের নেতৃত্ব পেয়েছেন তিনি।

ইএইচ