মহেশপুর সীমান্তে মাদক ও মানব পাচার প্রতিরোধে বিজিবির জনসচেতনতা কার্যক্রম

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ১২:৫৪ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তজুড়ে মাদক, স্বর্ণ, গরু ও মানব পাচারসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক সভা করে যাচ্ছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। 

সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকে সম্পৃক্ত করে অপরাধ দমনে জনঅংশগ্রহণভিত্তিক প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এসব সভার আয়োজন করছে বিজিবি।

এর অংশ হিসেবে ২৮ নভেম্বর বেনীপুর, ২৯ নভেম্বর সামান্তা এবং ২ ডিসেম্বর খোসালপুর বিওপির বিভিন্ন এলাকায় পৃথক সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি সীমান্তের সার্বিক পরিস্থিতি উপস্থাপন করে স্থানীয় জনসাধারণকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান। 

তিনি বলেন, সীমান্ত এলাকায় চলমান এসআইআর কার্যক্রমের ফলে পুশ ইনের সম্ভাবনা দেখা দিলে তা মোকাবেলায় আনসার ভিডিপি সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শূন্য লাইনে রাতের পর অনিয়ন্ত্রিত চলাচল, অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, স্বর্ণ, গরু ও মানব পাচারসহ সকল ধরনের চোরাচালান সামাজিকভাবে প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। তিনটি সভায় মোট ১৮০ থেকে ৪৬০ জন স্থানীয় বাসিন্দা উৎসাহের সাথে অংশগ্রহণ করে বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানান এবং সীমান্ত নিরাপত্তায় সব ধরনের সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ