টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমের উফসী ও হাইব্রিড ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা।
কৃষি কর্মকর্তা জানান, এক হাজার কৃষকের মাঝে ৫ হাজার কেজি উফসী ও হাইব্রিড ধানের বীজ, ১০ হাজার কেজি ডিএপি সার এবং ১০ হাজার কেজি এমওপি সার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.বি.এম. খাইরুল আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মধুপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চফলনশীল ধানের বীজ ধাপে ধাপে বিতরণ করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জেএইচআর