কটিয়াদী ০১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খুররমকে বদলি করা হয়েছে। তার বদলির খবরে কটিয়াদীর সহকারী শিক্ষক মহলে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে।
জানা যায়, ২০২২ সালে কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি নির্বাচিত হওয়ার পর থেকেই নিয়াজ মোহাম্মদ সমিতির কার্যক্রম এককভাবে নিয়ন্ত্রণ করে আসছিলেন।
অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতার অপব্যবহার, সহকারী শিক্ষকদের জিম্মি করে রাখা, সমিতির অফিসকক্ষ দীর্ঘদিন তালাবদ্ধ রাখা এবং সমিতির কার্যক্রম অচল করে রেখেছিলেন। এসব অনিয়মের কারণে সমিতির সদস্যরা উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট একাধিকবার অভিযোগ দাখিল করলেও কার্যকর কোনো সমাধান মিলেনি। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়।
সমিতির অন্যান্য সদস্যরা জানান, নিয়াজ মোহাম্মদ ফ্যাসিবাদের ধাঁচের কিছু শিক্ষকের সাথে সখ্যতা গড়ে তুলেছিলেন, যা সমিতির স্বাভাবিক কার্যক্রমকে আরও ব্যাহত করে। তার দাপটের কারণে অনেক সদস্য নীরব থাকতে বাধ্য হন।
এমন পরিস্থিতিতে সম্প্রতি নিয়াজ মোহাম্মদের বদলির আদেশ জারি হলে শিক্ষক সমাজে স্বস্তির বাতাস বইতে শুরু করে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা সমিতির কার্যক্রম আবারও প্রাণ ফিরে পেতে শুরু করেছে বলে জানান সদস্যরা। সারাদেশে সহকারী শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে ৪২ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও, কটিয়াদী উপজেলার সহকারী শিক্ষক নেতা নিয়াজ মোহাম্মদই একমাত্র ব্যক্তি যাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। তাকে কটিয়াদী ০১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বদলি করে নেত্রকোনা জেলা সদরের আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে।
সহকারী শিক্ষকরা আশা প্রকাশ করেছেন, এই বদলির মাধ্যমে সমিতির স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মিত কার্যক্রম আরও জোরদার হবে।
ইএইচ