রাজশাহীতে প্রিপেইড মিটারের অতিরিক্ত বিল বাতিলের দাবিতে মানববন্ধন

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৬:২৯ পিএম

রাজশাহীতে বিদ্যুতের প্রিপেইড মিটারের অস্বাভাবিক ও অতিরিক্ত বিল, শহরের যানজট, কোচিং বাণিজ্য, রামেক হাসপাতালে সেবাহীনতা এসবসহ ৩৮টি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় হলেও সর্বক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা জনজীবনকে দারুণভাবে বিপর্যস্ত করে তুলছে। নেসকোর প্রিপেইড মিটারের ‘গলাকাটা’ বিল সাধারণ মানুষের ভোগান্তিকে চরমে পৌঁছে দিয়েছে। দ্রুত সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা আরও বলেন, প্রিপেইড মিটারের ত্রুটি দ্রুত সমাধানের পাশাপাশি গ্রাহক অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা চালু করতে হবে। সরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য বন্ধ, কোচিং সেন্টারের বাণিজ্যিকীকরণ বন্ধ, শিক্ষাব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠা এবং রামেক হাসপাতালে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানান তারা।

এছাড়া বক্তারা অভিযোগ করেন, সিটি কর্পোরেশনের বিভিন্ন খাতে অনিয়ম-দুর্নীতির কারণে রাস্তাঘাটের বেহাল দশা, ফুটপাত দখল, বেআইনি পার্কিং এবং অপরিকল্পিত উন্নয়ন শহরবাসীর ভোগান্তি বাড়াচ্ছে। চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় পুলিশি টহল জোরদার এবং পুরো শহরে ডিজিটাল সিসিটিভি ক্যামেরা স্থাপনেরও দাবি জানানো হয়।

বক্তারা বলেন, নাগরিক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- এ্যাড. এনামুল হক, আহ্বায়ক, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি মাহফুজুল হাসনাইন হিকোল, সদস্য সচিব ড. অসীম হোসেন, উপদেষ্টা জালাল উদ্দিন, সভাপতি, ভাসানী পরিষদ রাজশাহী রাকিবুল ইসলাম রাকিবসহ রাজশাহীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

জেএইচআর