রাঙামাটির কাউখালী উপজেলাধীন ঘাগড়া ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র, দুটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সেনাবাহিনী রাঙামাটি রিজিয়ন ও সদর জোনের আয়োজনে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রোববার সকালে ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শীতবস্ত্র ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, স্থানীয় ইউপি মেম্বার মন্টু চাকমা, অমর বিন্দু চাকমা, পূর্ণধন চাকমা, শিবমনি চাকমা, চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা, হারাঙী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ রতন চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, "সেনাবাহিনী পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এখানে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।"
তিনি বলেন, "পাহাড়ে সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত করাসহ এখানে বসবাসরত সাধারণ মানুষের উন্নয়নকে পিছিয়ে রেখেছে এখানকার আঞ্চলিক কিছু সশস্ত্র সংগঠন। তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে সহযোগিতার পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
এ সময় ব্রিগেড কমান্ডার এলাকায় ২শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দুটি স্কুল ও আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ইএইচ