দেশের জনপ্রিয় লাল শাপলার বিছানো জলাভূমি এখন পর্যটকদের আকর্ষণের অন্যতম স্থান, দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যান আশুরার বিল।
ভোরের আলোয় ফুটে থাকা লাল শাপলার এই মনোরম দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় জমে অসংখ্য মানুষের। তবে সাম্প্রতিক সময়ে ছবি তোলার নেশায় কিছু পর্যটক অযথাভাবে বিপুল পরিমাণ শাপলা তুলে নষ্ট করছেন, যা প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান, অনেক দর্শনার্থী নৌকায় বসে বা সামাজিক যোগাযোগমাধ্যম "ফেসবুকে" ছবি পোস্ট করার জন্য একগুচ্ছ করে শাপলা তুলে হাতে ধরে ছবি তুলছেন। এতে শুধু ফুলই নষ্ট হচ্ছে না, একই সঙ্গে শাপলার শিকড় ছিঁড়ে যাওয়ায় পরবর্তী মৌসুমে সেগুলো আর ফুল দিতে পারছে না। ফলে পুরো জলাভূমির প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।
পরিবেশবিদদের মতে, শাপলা শুধু সৌন্দর্যের প্রতীক নয়; জলজ প্রাণীর আশ্রয়স্থল এবং জলাধারের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অযথা ফুল তোলার কারণে সেই পরিবেশগত চক্র ব্যাহত হচ্ছে। তারা বলেন, "পর্যটনের জন্য প্রকৃতিকে ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দায়িত্বশীল আচরণ না করলে এই সৌন্দর্য অচিরেই হারিয়ে যাবে।"
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি পর্যটকদের প্রকৃতি সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান।
পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের দাবি, ছবি তোলা যেতেই পারে, তবে প্রকৃতিকে বিনষ্ট করে নয়। প্রকৃতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
ইএইচ