স্বাধীনতার পর প্রথমবারের মতো পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা ও পৌর শাখার স্থায়ী দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার রাত ৮টায় দেবীগঞ্জ পোস্ট অফিস সংলগ্ন নতুন কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে এর উদ্বোধন করেন পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপি'র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তবারক হ্যাপি, দেবীগঞ্জ পৌর বিএনপি'র সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল সহ উপজেলার ১০টি ইউনিয়ন এবং পৌরসভার নেতৃবৃন্দ। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, ফরহাদ হোসেন আজাদের উদ্যোগে স্থাপিত এই স্থায়ী কার্যালয়টি দেবীগঞ্জ বিএনপি'র রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন। তিনি বলেন, সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সারাদিনের রাজনৈতিক কার্যক্রম শেষে এই পার্টি অফিস থেকেই নির্বাচন পরিচালনার কার্যক্রম চলবে। প্রতিটি ইউনিয়নে একটি করে পার্টি অফিস স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মানুষের কল্যাণে কাজ করছি। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গ্রামে-গঞ্জে সেই দিকনির্দেশনা পৌঁছে দিচ্ছি। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইবো। বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে এবং দেশের মানুষের জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ।
জেএইচআর