নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:৫৯ এএম

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে মাদলা ও খোট্টাপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দলের টাঙানো অবৈধ নির্বাচনী ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়।

এছাড়া নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে চাঁচাইতারা বাজার এলাকায় ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন ব্যতীত মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য যে, বগুড়া-০৭ (শাজাহানপুর -গাবতলী) এই সংসদীয় আসনে নির্বাচন করবেন বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি দৈনিক আমার সংবাদকে জানান, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর