সুন্দরবনের দাকোপ উপজেলার নলিয়ান সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ হরিণের মাংস ও শিকারের সরঞ্জামসহ দুই শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, শনিবার মধ্যরাত ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি আভিযানিক দল সুন্দরবনের মুচির দোয়ানী খালে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, একটি মাথা, ৪টি পা এবং ৬০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা ও শিকারের সরঞ্জামসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচআর