পিরোজপুরে সরকারি চাকুরীজীবী কল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৫:৫৭ পিএম

পিরোজপুর জেলা সরকারি চাকুরীজীবী কল্যাণ পরিষদের (১১–২০ গ্রেড) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবির। তিনি নবনির্বাচিত পরিষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে পরিষদের সভাপতি মো. শামসুদ্দোহা তার বক্তব্যে বলেন, "নবনির্বাচিত এই কমিটি সরকারি চাকুরীজীবীদের পেশাগত মর্যাদা রক্ষা এবং যৌক্তিক দাবি আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সংগঠনের সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।" 

সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সদস্যদের সমস্যা নিরসনে প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয়ের আশ্বাস দেন।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন এবং সরকারি সেবার মানোন্নয়নে ১১–২০ গ্রেডের কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন।

ইএইচ