লোহাগড়ায় অকাল প্রয়াত কৃষকদলের আহবায়কের কবর জিয়ারত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:০৬ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় যাওয়ার পথে চলন্ত বাসে হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল প্রয়াত লোহাগড়া কৃষক দলের আহবায়ক মো. খায়রুজ্জামান আলম মুন্সীর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ। এ সময় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

রোববার বিকালে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ দলীয় নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ভাটপাড়ায় অকাল প্রয়াত কৃষক দলের আহবায়ক খায়রুজ্জামান আলম মুন্সীর বাড়িতে পৌঁছান। 

সেখানে তিনি প্রয়াত আলম মুন্সীর স্ত্রী মিতু বেগমের সাথে কথা বলেন। এ সময় তিনি প্রয়াত আলম মুন্সীর দুই পুত্র এবং এক কন্যা সন্তানের খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে বিএনপির দলীয় প্রার্থী এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ অকাল প্রয়াত খায়রুজ্জামান আলম মুন্সীর তিন সন্তানের পড়ালেখার দায়িত্ব নেন এবং লেখাপড়া শেষে তাদের সরকারি চাকরি প্রাপ্তিতে সম্ভাব্য সকল সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন। পরিবারের সাথে কথা বলা শেষে নেতৃবৃন্দ খায়রুজ্জামান আলম মুন্সীর কবর জিয়ারত করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, কাজী শওকত আলী, আনোয়ার হোসেন, জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া, তরিকুল ইসলামসহ প্রমুখ।

ইএইচ