নোয়াখালীর বেগমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবু বক্কর ছিদ্দিক (৬৪) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই হারুনুর রশীদ (৫০) পলাতক রয়েছেন।
বুধবার সন্ধ্যার দিকে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে, মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর ছিদ্দিক মৃত্যুবরণ করেন। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের ছেলামত উল্যার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
নিহত ছিদ্দিক ওই গ্রামের হাজী ছেলামত উল্যার ছেলে। নিহতের মেজো ছেলে আবদুল্লাহ আল ফয়সাল অভিযোগ করে বলেন, "আমার বাবারা আট ভাই। আমার বাবা দীর্ঘদিন ধরে বাড়ির পাশের কিছু জমিতে ধান চাষ করে আসছেন। আমার কাকা হারুনুর রশীদও পৃথকভাবে কিছু জমিতে চাষাবাদ করেন। কিন্তু গত কয়েক দিন ধরে হারুনুর রশীদ আমার বাবার দখলে থাকা ধানক্ষেত জোরপূর্বক চাষাবাদ করার হুমকি দিয়ে আসছিলেন।"
তিনি আরও জানান, এই বিরোধের জেরে গত মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির সামনের প্রধান ফটকে বাবার সাথে কাকার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হারুনুর রশীদ দা দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচ